ভালোবেসে সখী
রবীন্দ্রনাথ ঠাকুর
ভালোবেসে সখী নিভৃত যতনে
আমার নামটি লিখো—তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো—
তোমার চরণমনজীরে।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি—তোমার প্রাসাদ
প্রাঙ্গণে।
মনে করে সখী, বাঁধিয়া রাখিও
আমার হাতের রাখী—তোমার
কনক কঙ্কণে।
আমার লতার একটি মুকুল
ভূলিয়া তুলিয়া রেখো—তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো—তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো—তোমার
অঙ্গ সৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো—তোমার
অতুল গৌরবে।






0 comments:
Post a Comment